শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আরও ২ দিন বাকি। ঠিক এই সময়ে নতুন এক দুশ্চিন্তা যোগ হলো ইংল্যান্ডের শিবিরে। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা জুড বেলিংহাম পড়েছেন চোটে।
নরওয়ের বিপক্ষে ম্যাচটি শেষে সাংবাদিকদের সামনে কথা বলতে আসছিলেন বেলিংহাম। তার আগে বাঁ কাঁধে বারবার হাত বুলাতে দেখা যায় তাকে। স্প্যানিশ পত্রিকা এএস প্রকাশিত এই ছবি ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। তবে এমন ঘটনা এই প্রথম নয়।
এই ইংলিশ তারকার কাঁধের সমস্যা বেশ পুরোনো। এতটাই যে, ২০২৫ সালের জুলাইয়ে ভুল চিকিৎসায় সেরে ওঠা এক জোড়া লাগানোর সমস্যা ঠিক করতে অস্ত্রোপচার করাতে হয় তাকে। জার্সি খুললেই দেখা যায় সেই বড় দাগ।
এই চোটের সূত্রপাত হয়েছিল স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর ম্যাচে এক দুর্ভাগ্যজনক এক ঘটনায়। যত সামান্যই হোক, খেলার সবচেয়ে সংঘর্ষপূর্ণ মুহূর্তগুলোতেই সাধারণত এই ব্যথা মাথাচাড়া দেয়।
ভাইকিংদের বিপক্ষে ম্যাচে সবকিছুই করতে হয় বেলিংহামকে। বক্সে গিয়ে জোড়া গোল করেন তিনি, আবার মাঝমাঠে দাঁড়িয়ে আটকান আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডসহ আরও অনেককে। প্রতিটি সংঘর্ষেই বাড়ছিল অস্বস্তি। শেষে খেলার এক বিরতিতে তা স্পষ্ট হয়ে ওঠে, যখন বাইরে থেকে থমাস টুখেল নির্দেশনা দিচ্ছিলেন, আর তিনি শুধু নিজের কাঁধ চেপে ধরেছিলেন।
তার এই অবস্থার ওপর নজর রাখছে ইংল্যান্ডের চিকিৎসক দল। তবে বুধবার বিকেল ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তিনিই একাদশে থাকবেন, এ নিয়ে ইংল্যান্ডে কারও মনেই সংশয় নেই। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ব্যান্ডেজ বেঁধে খেলবেন তিনি, যেমনটা করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে।


